পরিস্রুত পানীয় জলের সমস্যা রানাঘাটের হবিবপুর পঞ্চায়েতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ সেপ্টেম্বর: ঘোলা জল, তাতে আবার বেশির ভাগ সময়ই ঘুরে বেড়াচ্ছে কেঁচোর মতন জলজ প্রাণী। আর সেই কারণেই পরিশুদ্ধ পানীয় জল নিয়ে ব্যাপক সমস্যায় রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েতের কলাইঘাটা এলাকার মানুষজন। সূত্রের খবর, কলাইঘাটা এলাকা আর্সেনিক কবলিত ঘোষণা করে এলাকার বিভিন্ন ডিপ টিউবওয়েল গুলিকে দীর্ঘদিন আগেই প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ, এরপর পঞ্চায়েতের তরফে জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু করলেও বর্তমানে তা ব্যবহারের অযোগ্য বলেই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত জল সরবরাহ তো দূর, বেশির ভাগ সময়ই ব্যবহার অযোগ্য জল সরবরাহ করছে পঞ্চায়েত। ফলে এই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। পরিস্থিতি এতটাই জটিল যে সুস্থ থাকার জন্য জল কিনে খেতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। যদিও পঞ্চায়েতের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *