সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৩ জুলাই:
কাটমানি না দেওয়ায় নির্মাণকারীদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গলবার এমনই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক অফিস চত্বরে।
সূত্রের খবর, এদিন বাগদা ব্লক অফিসের সামনে
পিডাব্লিউডি রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ করবার বরাত পেয়েছিল ঘোষ কনস্ট্রাকশন নামে একটি সংস্থা। নির্মাণকারীরা কাজে এলে তাদের কাছে কাজের সিডিউল দেখতে চায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। অভিযোগ, সিডিউল জমা দেওয়া সত্বেও একাধিকবার দেখা করতে বলা হয়েছে তাকে। এমনকি নির্বাচনের আগে ড্রেনটি তৈরি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক কাজ শুরু করতে গেলে গোপা রায় পুলিশের ভয় দেখিয়ে বাধা সৃষ্টি করে এবং নির্মাণকারীদের মারধর করা হয় বলেও অভিযোগ।
প্রমোটার শুভজিৎ ঘোষ বলেন, প্রথম যখন কাজ শুরু করি বারংবার আমার কাছে কাজের সিডিউল চাওয়া হয়। সিডিউল দেখানোর পর, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় তার সঙ্গে দেখা করতে বলেন। ভোটের আগে দলের ছেলেদের ড্রেস দিতে হবে বলে দাবি করেছিলেন। প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে অনেক রকম ভাবে দেখা করতে বলেছেন। কাটমানি না দেওয়ায় তিনি তাঁর ক্ষমতার বলে অনুগামীদের পাঠিয়ে নির্মাণকারীদের মারধর করে।

এই বিষয়ে বাগদা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত সদস্য সনজিৎ সরদার বলেন, প্রত্যক্ষ না হোক পরোক্ষ ভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি টাকা চেয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে মাথায় রেখে কাজটা করতে চাইছি। এটা গোষ্ঠী কোন্দল কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমি বলতে পারব না।
এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, আজ পর্যন্ত আমি চেয়ারটায় যতদিন আছি কোনও প্রমোটার বলতে পারবে না কারও কাছ থেকে আজ পর্যন্ত অসৎ পথে টাকা নিয়েছি। টাকা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রমাণ করে দেখাক যে আমি এক টাকা চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি কিভাবে মানতে হয় আমরা জানি। এগুলো আমার বিরুদ্ধে চক্রান্ত করে অপবাদ দেওয়ার চেষ্টা করছে।


