বর্ধমানে এসে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, বর্ধমান, ১৩ জুলাই: পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদে থাকার জায়গা। এর আগেও এখানে অনেক জঙ্গি ধরা পড়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মঙ্গলবার বর্ধমানে এইভাবে সরকারের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার বর্ধমানের বিজেপির জেলা অফিসে কার্যকারিনী সভায় যোগ দিতে আসেন দিলীপ ঘোষ। জেলা নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠক করেন। এদিন বৈঠকে যোগ দিতে গিয়ে ঢুকতে না পেয়ে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল গোস্বামী প্রকাশ্যেই দলের বিরুদ্ধে সরব হন।

এদিন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিয়ে বলেন, এর আগেও রাজ্যে একাধিকবার জেএমবি, আল কায়দার জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল। জঙ্গিরা বুঝে গেছে তাদের নিরাপদে থাকার জায়গা এই রাজ্য। তাই সারা দেশ থেকে এখানে জঙ্গিরা এসে আশ্রয় নেয়। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পিএসসির চেয়ারম্যান মুকুল রায়ের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পিএসসি কমিটি যে নাম পাঠায় সেখান থেকে চেয়ারম্যান ঠিক করা হয়।এবার সেই নাম থেকে ঠিক করা হয়নি। তারা কথা রাখেনি তাই আমরা ঠিক করেছি কোনও কমিটির চেয়ারম্যান পদ নেবো না।

সোমবার রাতে মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের অভিযোগে নাম জড়ায় বিজেপির। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। গত পাঁচ বছরে রাজ্যে বিজেপির ১৭৫ জন কর্মী খুন হয়েছে। যেখানে তৃণমূল বারবার করে বিজেপির দিকে আঙুল তুলছে সেখানে দেখা যাচ্ছে হিংসার শিকার হচ্ছে বিজেপির কর্মীরাই। আসলে তৃণমূল কংগ্রেসে যেভাবে কাটমানি সিন্ডিকেট নিয়ে গোষ্ঠীকোন্দল চলছে সেই কোন্দলের জেরেই খুনের ঘটনা ঘটেছে। তৃণমূলের উচিত আগে তাদের নিজের দলের গুন্ডা বদমাইশদের সামাল দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *