অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: রাজ্যে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ লাগু হওয়ার পর প্রথম দিনেই বিধিনিষেধ সফল করতে জোর তৎপরতা শুরু করলো গোপীবল্লভপুর থানার পুলিশ। সোমবার গোপীবল্লভপুর বাজার এলাকার হাতিবাড়ি মোড় দিয়ে যাতায়াতকারী প্রতিটি মানুষকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশ কর্মীরা। এদিন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জির নেতৃত্বে এএসআই স্বদেশ প্রামাণিক ও অন্যান্য পুলিশ কর্মীরা রাস্তা দিয়ে যাতায়াতকারী যে সমস্ত মানুষ মাস্ক ব্যবহার না করে পথে বেরিয়েছেন তাদের হাতে মাস্কও তুলে দেন।

উল্লেখ্য, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পর সংক্রমণের হার বেশ কয়েকমাস স্বাভাবিক হওয়ার পর বেশ কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণের গতি ক্রমশ ঊর্ধ্বমুখী। গত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৬১৫৮ জন। সঙ্গে নতুন করে চোখ রাঙ্গাচ্ছে ওমিক্রন। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে করোনার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর আজ প্রথম দিনেই গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনকে দেখা গেল যথেষ্ট তৎপর হয়ে করোনা বিধি সফল করতে।


