আমাদের ভারত, ২৫ জুলাই: নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। এর মধ্যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেনি তা বোঝাতে তৎপর তৃণমূল। সোমবার বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকেও সেটাই বলার চেষ্টা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মানুষের উদ্দেশ্যে তিনি বলে বসেছেন, “আপনারা বলুন আমাকে, কোনো চাকরির ক্ষেত্রে একশোটা চাকরি দিতে গেলে একটা কি কেউ নিজের লোককে দেয় না?”
মমতা বলেন, “আপনারা তো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান চালান। কাকে আপনি নেবেন? আপনার ইউনিটে কাকে আপনি রাখবেন? কাকে না রাখবেন সেটা আপনার চয়েস। কোনো সংবাদমাধ্যম কি বলতে পারবে তারা খুব আইন মেনে চলে? আমরা তবু আইন মেনে চলি।” রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির যে অভিযোগ তোলা হচ্ছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক লাখ ছেলে-মেয়ের চাকরি হল তাতে অভিযোগ করল। এতদিন জানতেও পারলাম না।”
অবাক হবার ভঙ্গিমায় তার মন্তব্য, “এখন ভাইরালের যুগ। কেউ অভিযোগ করল না। এত যে টাকা উঠল আমি তো জানব। কোথাও থেকে জানতে পারলাম না। কোনো টেলিভিশন মিডিয়াও জানায়নি। কেউ তো জানতে পারেনি। জানলে তো তখনই ব্যবস্থা নেওয়া হতো।”
এর পাশাপাশি মমতার মন্তব্য, “এক লাখ ছেলে-মেয়ের চাকরি হলে ২০০ জনের অভিযোগ হল। তাহলে কি একলাখ ছেলেমেয়ে যারা চাকরি করে খাচ্ছেন আপনারা কি তাদের সবাইকে একজায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে। আপনারা কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক।” পার্থ কাণ্ডে এভাবেই দলকে বাঁচাতে আর সরকারের ভাবমূর্তি রক্ষা করতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাঠে নামলেন বলে মনে করা হচ্ছে।

