“আমও যাবে, ছালাও যাবে,” চাকরি প্রার্থীদের সিবিআয়ের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জুলাই: যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা টাকা দিয়েছেন, চাকরি পাননি, সকল চাকরি প্রার্থীকেই সিবিআইয়ের শরাণাপন্ন হবার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার। সোমবার বালুরঘাটে নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি।

তিনি বলেন, তাছাড়া চাকরি প্রার্থীদের আমও যাবে, ছালাও যাবে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই শিক্ষক ও হবু শিক্ষকদের উদ্দেশ্য এদিন এমনই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায় অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছেন। আবার কেউ কেউ টাকা দিয়েছেন অথচ চাকরি পাননি। তাই তাদের সকলকেই খোলাখুলিভাবে বিষয়টি সিবিআইকে জানাবার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিন একইসাথে সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই দুর্নীতির পিছনে শুধু পার্থ বাবুই নন। আপাদমস্তক তৃণমূল জড়িত রয়েছে। বিধায়ক থেকে মন্ত্রী সকলেই এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। এদিন রাজ্য সভাপতির আক্রমণের নিশানা থেকে বাদ যাননি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি বলেন, এর আগে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে যাদের যোগ্যতা নেই তাদের চাকরি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এখানেও তারা সিবিআই তদন্তের দাবি জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *