বিশেষ সংবাদদাতা, আমাদের ভারত, ৭ জানুয়ারি: রাজ্যসরকার গঙ্গাসাগর মেলা বন্ধ করা ও পুরভোট স্থগিত রাখতে আগ্রহী নয়। বিষয়টি নিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। এ নিয়ে কড়া প্রতিক্রিয়াজানালেন চিকিৎসক অদ্রিজা রহমান।
তিনি জানিয়েছেন, “কোনও নীতি নিয়ে আমি সরাসরি প্রশ্ন রাখি না, আজ রাখছি। এই অবস্থায় অচিরে যদি গঙ্গাসাগর মেলা বন্ধ না করা হয় ধিক্কার জানাই সেই সিদ্ধান্তকে। আমরা ডাক্তাররা বা স্বাস্থ্য কর্মীরা সত্যিই আর পেরে উঠছি না, বাড়ির লোকজন বন্ধুবান্ধব সবাই আক্রান্ত। রাত-দিন রোগী দেখেও শেষ করতে পারছি না। সাধারণ লোক মূর্খ, তাই সর্দি জ্বর নিয়েও তারা পার্টি করেছে, রাস্তায় ঢল নামিয়েছে পঁচিশ তারিখে, রোগ ছড়িয়েছে প্রবলভাবে। আইনের জোরে একমাত্র সেটা আটকানো যেত, তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও সরকারী আদেশ তখন বলবৎ হয়নি কারণ উৎসবের আবহাওয়াকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সর্বনাশ ডেকে আনা হয়েছে বললেও ভুল বলা হবে না।
Quarantine এর সময় কমানো হচ্ছে কারণ কাজের লোক নেই। সেই অবস্থায় যদি গঙ্গাসাগর মেলা বন্ধ না করা হয় তাহলে সরাসরি ওপরে গিয়েই ওঁর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের পাঠশালার প্রয়োজন নেই জানি, কিন্তু পানশালার প্রয়োজন অসীম। স্কুল কলেজ অনির্দিষ্টকাল বন্ধ থাকুক, বাকি আমোদ আহ্লাদ পুরোদমে চলুক – এই যদি মনোভাব হয় সরকারের তাহলে বলার কিছুই থাকে না।“

