সাথী দাস, পুরুলিয়া, ৭ জানুয়ারি: গৃহবধূর অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকার এক গৃহবধূ বেশ কিছুদিন আগে কেন্দা থানা এলাকার রঘুডি গ্রামের বাসিন্দা জ্যোতিষী মনসা রাম প্রামাণিকের কাছে সংসারের নানারকম সমস্যা সমাধান করার জন্য যান। সেই সময় ওই গৃহবধূর মোবাইল নম্বর নিয়ে রাখে ওই জ্যোতিষী। তারপর সেই মোবাইলে ফোন করে ওই গৃহবধূর খোলামেলা শরীরের ছবি দিতে বলে।
গৃহবধূ রাজি না হলে তার পরিবারের বড়ো ক্ষতি হয়ে যাবে বলে ভয় দেখাতে শুরু করে জ্যোতিষী। এমনকি বধূর দুই ছেলে ও স্বামীকে পাগল করে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইলে ওই গৃহবধূর নগ্ন ছবি সংগ্রহ করে জ্যোতিষী। ছবি পেয়ে ওই গৃহবধূকে নানারকম কু-প্রস্তাব দেয়। এমনকি ৫০ হাজার টাকারও দাবি করেন জ্যোতিষী মনসারাম। সেই ছবি অন্য একজনকে ভাইরাল করে মনসারাম এমনই অভিযোগ ওই গৃহবধূ আত্মীয়ের। গতকাল বিকেলে গৃহবধূর পরিবারের সদস্যরা পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই গতকাল রাতে জ্যোতিষী মনসারাম প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতের তোলা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

ধৃত মনসারাম তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনও ছবি ভাইরাল করিনি। তা ছাড়া জ্যোতিষীর কাজ করি না।” তবে, ওই বধূ কেনই তার কাছে গিয়েছিলেন, নগ্ন ছবি কীভাবে তার মোবাইলে এল? এর উত্তর পরিষ্কার করেনি ধৃত ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

