কালিয়াগঞ্জে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ জানুয়ারি: এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর শঙ্করপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় আম বাগানে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতার গলায় ফাঁস লাগানো ও বিষ খাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। প্রথম দিকে মহিলাকে কেউ চিনতে না পারলেও পরে জানা যায় মহিলার নাম তাপসী বসাক। বাড়ি পাশের গ্রামে পূর্ব শঙ্করপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট ও একটি সাইকেল উদ্ধার করে। কিন্তু এলাকার মানুষের বক্তব্য, তাকে খুন করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন ওই মহিলা সাইকেল চালিয়ে কাজে যেতেন। গতকালও গিয়েছিলেন কিন্তু আর বাড়ি ফেরেননি। আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের প্রাথমিক ধারণা মহিলাকে ধর্ষণ করে হত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *