পঞ্চায়েত ভোটের আগেই জলপাইগুড়ির ৮০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ জেলা পরিষদের সভাধিপতির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ জুলাই: কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ এখনও হয়নি জলপাইগুড়ির ৮০টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই সব কাজ শেষ করার নির্দেশ দিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ। মঙ্গলবার জেলা পরিষদের হল ঘরে জেলাশাসক মৌমিতা গোদারা জেলার সব গ্রাম পঞ্চায়েত দফতরের প্রতিনিধি, বিডিও সকলে নিয়ে বৈঠক করেন।

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দফতরকে। এদিনের বৈঠকে উঠে এসেছে কয়েকটি গ্রাম পঞ্চায়েত বাদে প্রায় সব গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের টাকা থাকলেও এখনো কাজের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অন্যদিকে একাশিটি রাস্তার বরাদ্দ টাকা ধরা হয়েছে কিন্তু এখনো কাজ হয়নি৷ এই ধরণের রাস্তার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার আবাস যোজনার ঘরের কিছু কাজ থমকে আছে সেগুলো খতিয়ে দেখে দ্রুত কাজ করার উদ্যোগ গ্রহণ করতে হবে বলে বৈঠকে ঠিক হয়েছে। পানীয় জলের সমস্যা রয়েছে একাধিক এলাকায়। সবচেয়ে বেশি সমস্যা নাগরাকাটার আংরাভাষা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে এখনো প্রায় দেড় হাজার বাসিন্দাকে নদীর জল খেতে হয়।

জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ বলেন,” বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কাজগুলো কি পরিস্থিতিতে আছে তা খতিয়ে দেখা হল বৈঠকের মধ্য দিয়ে। যে সব কাজ বাকি তার জন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া করে কাজ শুরু করতে বলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সব কাজ করা হবে।”

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “রাস্তা ও জলের যেসব কাজ রয়েছে সেগুলো যাতে দ্রুত করা যায় প্রধান ও বিডিওদের তা জানানো হল। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী ধাপে কাজ করা হবে। এছাড়া বাংলার আবাস যোজনার কাজ কিছু বন্ধ রয়েছে সেগুলো দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *