অ্যান্টি ইভটিজিং স্কোয়াডের হাতে চোপড়ায় ধরা পড়ল ৮ ইভটিজার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জুলাই: অ্যান্টি ইভটিজিং স্কোয়াডের হাতে ধরা পড়ল ৮ ইভটিজার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়।

ইভটিজিং রুখতে তৎপর হতেই ৮ জন ইভটিজারকে পাকড়াও করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কলেজ ছাত্রীদের অভিভাবকরা। ধৃতদের এদিন ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, চোপড়া বালিকা বিদ্যালয়ের সামনে এবং পার্শ্ববর্তী ওভারব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই একদল যুবক ছাত্রীদের স্কুল কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। এনিয়ে ছাত্রীদের অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎপর হয় চোপড়া থানার অ্যান্টি ইভটিজিং স্কোয়াড। এদিন এলাকায় নজরদারি চালিয়ে চোপড়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আট জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের এদিন ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষিকারাও। অন্যদিকে আগামীতেও পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *