সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুলাই: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে তিন অভিযুক্তদের গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার গভীর রাতে তাদের নদিয়ার রানাঘাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাগর দাস, বাচ্চু ঘোষ, আকাশ নাথ। তারা রানাঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, বাগদার সুস্মিতা হীরা নামে এক যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সুস্মিতার অভিযোগ, জুন মাসের প্রথম সপ্তাহে ফেসবুকে একটি চাকরির বিজ্ঞাপন দেখে আমি ফোন করি। এরপর একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ২৫ হাজার টাকা নিয়ে নেয়। ফের কয়েকদিন যেতে না যেতেই ১৮ হাজার টাকা দাবি করে। সুস্মিতা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এরপরেই বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিকের দ্বারস্থ হন তিনি। সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক সুদীপ্ত দে ঘটনার তদন্তে নামে। ফোনের সূত্র ধরে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে রানাঘাট এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

