সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুলাই: কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করল ন’হাটা কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার ন’হাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে।
অভিযোগ, মহাবিদ্যালয়ের ভবন তৈরির জন্য ইউজিসি বরাদ্দকৃত অর্থ তছরুপ করেছে কলেজ কর্তৃপক্ষ। ইউজিসি অনুমোদিত অর্থ কোন কোন খাতে ব্যয় করেছে কলেজ কর্তৃপক্ষ তার সঠিক হিসাব দিতে না পারায় ইউজিসি’র তরফ থেকে কলেজকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, তারা যদি সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাব না দেখাতে পারে তাহলে ৬ তারিখের পরে কলেজের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে।

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা ন’হাটা কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য আসেন। কিন্তু পুলিশ তাদের কলেজের মুখে আটকে দেয়।
এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে এক নেতৃত্ব বলেন, “কলেজ কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতির জন্য ন’হাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় বন্ধ হওয়ার পথে। প্রায় ৯০ লক্ষ টাকার দুর্নীতি করেছে কলেজ কর্তৃপক্ষ বিদ্যার্থী পরিষদের তরফ থেকে আমরা চাইছি দোষীদের সনাক্ত করে তাদের জেলে পাঠানো হোক। কলেজ দুর্নীতির জন্য মহাবিদ্যালয় বন্ধ হয়ে গেলে স্থানীয় ছাত্র-ছাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে।”
ন’হাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দুর্নীতির জন্য সিপিআইএমকে দায়ী করেছে। তাদের অভিযোগ, ২০০২ সালে মহাবিদ্যালয় ভবন তৈরির জন্য ইউজিসি অর্থ বরাদ্দ করেছিল সেই ভবন তৈরীর ক্ষেত্রে খরচ হওয়া টাকার সঠিক হিসাব দিতে না পারায় ইউজিসি সেই টাকা ফেরত চেয়ে পাঠিয়েছে। এর জন্য তৎকালীন সময়ের
সিপিআইএমের হার্মাদ বাহিনী দায়ী।
তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে সিপিএইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ ঘোষ বলেন, দুর্নীতির তদন্ত হোক। তদন্ত কেন করাচ্ছে না রাজ্য সরকার। দুর্নীতির তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমাদের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তারও শাস্তি হবে।
যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

