আমাদের ভারত, ৫ জুলাই: মা কালী তথ্য চিত্রের পরিচালক লিনা মনিমেখলাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ। এরই মধ্যে মা কালী বিতর্কে পরিচালকের সমর্থনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সরব হলেন। তিনি বললেন, তাঁর কাছে কালী হলেন মদ মাংস খান এমনই এক দেবী। কালীকে হিন্দু ধর্মে ইচ্ছেমতো কল্পনা করার অধিকার রয়েছে।
ইন্ডিয়া টুডে কনক্লেভে মঙ্গলবার মা কালী পোস্টার বিতর্ক নিয়ে মন্তব্য করেন মহুয়া মৈত্র। তিনি বলেন, আমার কাছে কালী হলেন মাংস ভোজী অ্যালকোহল খান এমন এক দেবী। ঈশ্বরকে নিয়ে এক একজন, এক এক রকম মত পোষণ করেন। সিকিম ভূটানে পুজোয় দেবতাকে হুউস্কি দেওয়া হয়। আমাদের এখানে কালীকে আমরা এমনই পরিকল্পনা করি।
লিনা মনিমেখলাইয়ের তথ্য চিত্র নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে। এই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন তার মুখে সিগারেট, তিনি ধূমপান করছেন। মা কালীর এইরূপ হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা তথাগত রায় দাবি করেছেন পরিচালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার মাঝে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই মন্তব্য করেছেন।
যদিও মহুয়ার এই মন্তব্যকে তার দল তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বলে জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেত্রী শশী পাঁজা। পরে দলের তরফে একটি টুইট করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মহুয়ার মন্তব্য তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দল কোনোভাবেই মন্তব্যকে সমর্থন করে না।
নিজের মন্তব্য সাফাই দিয়ে মহুয়া বিজেপির উদ্দ্যেশ্যে টুইট করেছেন। তিনি লিখেছেন, সঙ্ঘীদের বলছি, মিথ্যে বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। কখনো কোনো পোস্টার বা ছবিকে সমর্থন করেনি বা ধূমপান শব্দের ব্যবহার করিনি। আপনাদের তারাপীঠে মা কালীর মন্দিরে গেলেই দেখতে পারবেন সেখানে কি খাবার ও পানীয় ভোগ হিসেবে দেওয়া হয় জয় মা তারা।
মহুয়ার এই মন্তব্যের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সব সময় হিন্দু ধর্মকে অপমান করে তৃণমূল। আমরা আইনি পদক্ষেপ করব। নূপুর শর্মার বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা নিয়েছে। আশা করি এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও পদক্ষেপ করবেন।

