সম্পত্তি নিয়ে বিবাদে জের, হাবড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাইকে খুন, পলাতক দাদা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হল ভাই। রবিবার সন্ধ্যেয় উত্তর ২৪ পরগনার হাবড়া থানার যশুর এলাকা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রণজিৎ ঘোষ। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে অভিযুক্ত দাদা অভিজিৎ ঘোষ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশুর এলাকার স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ ও রণজিৎ ঘোষদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। পারিবারিক বিবাদ মেটাতে একাধিকবার গ্রামে বৈঠক থেকে শুরু করে থানারও দ্বারস্থ হয়েছেন দুই পরিবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই নিয়ে আগেও কয়েকবার দুই ভাইয়ের মধ্যে লাঠালাঠি হয়েছে। প্রতিবেশীদের হস্তক্ষেপে তা মিটেও যায়।
রবিবার সন্ধ্যেয় ফের অশান্তি চরমে ওঠে।

প্রথমে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর অভিজিৎ ঘোষ ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে আঘাত করে রণজিৎ ঘোষকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রণজিতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিজিৎ। অভিযুক্ত দাদার খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *