আগ্নেয়াস্ত্র সহ গাইঘাটায় গ্রেফতার ৮ ডাকাত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল: গাড়িতে করে ডাকাতি করতে যাওয়া আট ডাকাতকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় দুটি গুলি ভর্তি বন্দুক, একটি চপার, একটি সাটার কাটা যন্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম। ধৃতদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা। বাকিরা উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিহারের দু’জন কামারহাটি এলাকায় ভাড়া থাকত বলে পুলিশ জানতে পারে। বাকিরা কাছাকাছি এলাকায় থাকত।

রবিবার গভীর রাতে গাইঘাটা থানার মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। মধ্য রাতে একটি চার চাকা মারুতি ভ্যান, পুলিশ দেখে কিছুটা আগে দাঁড়িয়ে পড়ে। যা দেখে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ গাড়ির কাছে যেতেই কয়েক জন গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পরে ৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ।

নাকা চেকিং থাকায় পুলিশের হাতে ধরা পড়ে গেল ওই সশস্ত্র ডাকাতদলটি। ধৃতদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, আয়রন রড, শাবল, দুটি গুলিভর্তি বন্দুক, চপার ও ওই গাড়িটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ তদন্ত করে এর পেছনে আরও কেউ আছে কি না তা দেখছে। ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *