নিহত তপন কান্দুর ছেলেকে হুমকির অভিযোগে তৃণমূল কর্মীকে সিবিআইয়ের জেরা

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ এপ্রিল: নিহত তপন কান্দুর ছেলেকে হুমকির অভিযোগে ভীম তেওয়ারিকে জেরা করল সিবিআই। তৃণমূল কর্মী ভীমের বিরুদ্ধে গতকাল পূর্ণিমা কান্দু সিবিআই ক্যাম্পে ছেলেকে প্রাণ নাশের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেল নাগাদ ভীম তেওয়ারিকে ডেকে পাঠায় সিবিআই। তিরিশ মিনিট পর ভীম তেওয়ারি সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে যান।

বেরিয়ে এসে বলেন, “আমাকে মানসিক চাপ সৃষ্টি করছে নানা অজুহাত দিয়ে। আমি নির্দোষ। বাড়ির সামনে প্রতিদিন রাতের অন্ধকারে ঢিল পড়ছে। আমাকে লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হয়। তাই বাড়িতে সিসিটিভি লাগলাম। আজ সিবিআই ডেকেছিল। আমি নাকি তপন কান্দুর ছেলে দেবকে হুমকি দিয়েছি। পুরোটাই ভিত্তিহীন। আমি বলেছি বিষয়টি নিয়ে।”

নিহত তপন কান্দুর স্ত্রী তথা দেবের মা পূর্ণিমা কান্দু জানান, “আমার স্বামী খুনে এই ভীম তেওয়ারির হাত আছে। অভিযোগে তারও নাম আছে। সিবিআই তদন্ত চলছে, এর মধ্যেই আমার ছেলেকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এখন আমরা আতঙ্কে রয়েছি। থানাতেও অভিযোগ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *