আমাদের ভারত, ১ জুলাই: আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ভুয়ো ভ্যাক্সিন কান্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের দেহরক্ষীর যাতায়াত ছিল রাজভবনে। রাজ্যের শাসক দল ছবি প্রকাশ করে এর পেছনের সত্য সামনে আনার দাবি জানিয়েছেন। কিন্তু এর পাল্টা দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। তাই নিজেদের পিঠ বাঁচাতে কখনো বিজেপি কখনো রাজ্যপালকে ঘটনার সঙ্গে জোর করে জড়ানোর পরিকল্পনা করছে তৃণমূল।
আজ সাংবাদিক বৈঠক করে শুখেন্দু শেখর রায় বলেন, “ভুয়া ভ্যাক্সিন কাণ্ডে প্রতারক দেবাঞ্জন দেবের দেহ রক্ষী রাজভবনে কেন? ঘনিষ্ঠতার গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। এই বিষয়টি তদন্তকারীদের নজরে আনার চেষ্টা করছি। আসল তথ্য সামনে আসুক। রাজ্যপালের সঙ্গে প্রতারকের দেহরক্ষীর যোগ থাকলে তা দেশের পক্ষে ভয়ঙ্কর। আসল সত্য সামনে আসুক।”
এর পাল্টা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “মানুষকে বিজেপি ছাড়তে হচ্ছে কারণ তাদের সুরক্ষা নেই। সারা দেশ ও বিদেশেও চর্চার বিষয় হয়েছে এটা। তৃণমূল সরকারের উপর মানুষের বিশ্বাস চলে গেছে। প্রশাসনের উপর বিশ্বাস চলে গেছে। তাই বিভিন্ন কমিশনে অভিযোগ জানাতে হচ্ছে মানুষকে। বারবার বিভিন্ন জাতীয় কমিশন পশ্চিমবাংলার পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে। তাই এখন মিথ্যে কথা বলে নিজের পিঠ বাঁচানো যাবে না। প্রত্যেক জায়গায় মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং আমলাদের সঙ্গে দেবাঞ্জন দেবকে দেখা কাছে। তিনি কি করতেন তাও জানা গেছে। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে তাই এখন বিজেপিকে টানা হচ্ছে। রাজ্যপালকে টানা হচ্ছে। সাধারণ মানুষ খুব চিন্তায় পড়েছেন।”
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা আজ দিল্লি গেছেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল থেকে বিধানসভার অধিবেশন শুরু। সেখানে ভুয়া ভ্যাক্সিন কাণ্ড নিয়ে তোলপাড় হবার সম্ভাবনা রয়েছে। অনুমান তার রনকৌশল ঠিক করতেই শুভেন্দুর দিল্লি সফর। এছাড়াও রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

