আদালতে মামলা চললেও পুরোভোটের দিন ঘোষণা! রাজ্যে ইলেকশন কমিশন তো রাজ্য চালায়, কটাক্ষের সুরে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

আমাদের ভারত, ২৬ নভেম্বর: একদিকে কোর্ট-কাছারি চলছে পুরভোট নিয়ে। কিন্তু তার মধ্যেই কলকাতা পৌরসভা ভোটের দিন ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর হবে কলকাতা পুরসভার ভোট। এর তীব্র বিরোধিতা করেছে বিজেপি। শুক্রবার পুরভোট নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, রাজ্যের অঙ্গুলি হেলনেই নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন এভাবে চলতে পারে না।

সাধারণত গরমকালে পুরভোট হয়ে থাকে। কিন্তু এবার শীতকালেই কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষিত হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,” অনেক কিছুই পাল্টাচ্ছে, এটাও পাল্টাচ্ছে। তৃণমূলের কাছে এটা একটা কম্পেলসেন, যেকোন ভাবে জিততে হবে। সেই জন্যেই একদিকে কোর্টে কেস চলছে, হেয়ারিং হচ্ছে আর ইলেকশন কমিশনকে দিয়ে ঘোষণা করানো হচ্ছে। রাজ্য ইলেকশন কমিশন তো রাজ্য সরকার চালায় সেইজন্য তাদের ইচ্ছামতো হচ্ছে যেটা চাইছেন ওটা হচ্ছে। যখন চাইছেন তখন হচ্ছে। এটা নিয়ে সবাই চিন্তিত।”

দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “তাহলে কোর্ট কাছারির আর কী প্রয়োজনীয়তা থাকল। গতবার বাই ইলেকশনে অর্ধেক কেন হচ্ছে সেটা নিয়ে অনেকেই কোর্টে গেছেন। কোর্ট তখন বলেছিল দিন ঘোষণা হয়ে গেছে আমাদের কিছু করার নেই। এখন ইলেকশন ঘোষণার আগে কোর্টে গেছেন কিন্তু হেয়ারিং ডেট ঘোষণা হতে হতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।” তিনি অভিযোগের সুরে বলেন, “তৃণমূলের এতটাই তাড়াহুড়ো যে রি-পোলিংয়ের জন্যেও হয়ত সময়ই রাখা হয়নি। কাউন্টিং করে রাতারাতি গুটিয়ে ফেলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *