একগুচ্ছ কর্মসূচি নিয়ে মেদিনীপুরে দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: মেদিনীপুর লোকসভার সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তিন দিনের সফরের শেষ দিনে বুধবার নিজেকে ঠাসা কর্মসূচিতে ব্যাস্ত রাখলেন। সামনে পৌরসভা নির্বাচনে শাসক দলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। যখন বিজেপির একের পর এক বিধায়ক নেতারা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন তখন দলকে চাঙ্গা করতে এগিয়ে এলেন সাংসদ দিলীপ ঘোষ। বুধবার সকাল থেকে জেলা নেতা আশীর্বাদ ভৌমিক ও মন্ডল সভাপতি দেবাশীষ দাসকে সঙ্গে নিয়ে রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক এবং উন্নয়ন মূলক কাজ নিয়ে মেদিনীপুর শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়ালেন তিনি। সকালে সাংসদ কোটার টাকায় শহরের রাঙামাটি এলাকায় যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন এবং পৌর নির্বাচনের প্রচারে দেওয়াল লিখন করেন। এরপর দুপুরে কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক এবং বিকেলে ১২ নং ওয়ার্ড এলাকায় প্রায় হাজার খানেক দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন। তার‌ই ফাঁকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বললেন, আমার কাছে অন্তত দশটা গ্রুপ আছে, প্রতিদিন দুশো – তিনশো  করে মেসেজ আসে কিন্তু আমি গ্রুপ দেখি না। তার কারণ কোনও গ্রুপে আমি বিশ্বাস করি না। বিধায়কদের প্রসঙ্গে বিরোধী দলনেতা যিনি আছেন তিনি বলবেন। আমিও একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে পার্টির গাইডলাইন মেনে চলা সকলের কর্তব্য। বিজেপি বিধায়ক হিরনকে এড়িয়ে যাওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন, এড়ানোর কিছু নেই, মানুষ আমাকে জিতিয়েছেন, মানুষের সঙ্গে থাকতে হবে, পার্টির সঙ্গে থাকতে হবে এটাই নিয়ম। এ বিষয়টা পার্টির এবং সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা দেখবেন। কারা গ্রুপ বানিয়েছে কাকে রেখেছে, তা তারাই দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *