জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জানুয়ারি: রাজ্যে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ বিষয়ে সকলকে সাবধান থাকার পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। আজ বুধবার সকালের মেদিনীপুর শহরে একক চা-চক্রে যোগ দিয়ে রাজ্যের করোনা সংক্রমণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যে ব্যাপক করোনা সংক্রমণ হয়েছে। বেশি বেশি করে নমুনা পরীক্ষা করলেই তা বোঝা যাবে। তিনি জানান, সংক্রমণ মাইল্ড পর্যায়ের হলেও সংক্রমিত সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর জন্য সবার সাবধান থাকা জরুরি। এবার ডাক্তারবাবু সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ হচ্ছেন। এই বিষয়টিকে অনেক বড় সমস্যা এবং চিন্তার বিষয় বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মেদিনীপুর শহরে তাঁর চা-চক্রে জমায়েত ও রাস্তার পাশে অনেকের সঙ্গে একসঙ্গে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, আমার মতো সবাই তো রাস্তায় দাড়িয়ে মিটিং করে না।কেউ গোপন মিটিং করতেই পারে, চা খাওয়ার জন্য কেউ কেউ বাড়িতে আসতেই পারে কিংবা অনেকেই ডাকতেই পারে। শান্তনু ঠাকুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওই বিষয়টি দেখার জন্য দলের উপর মহলে লোকজন আছেন, কোনো সমস্যা হলে তারাই দেখবেন। উনি আমাদের মন্ত্রী আছেন, ভালো কাজ করছেন।

