তৃণমূলে একজনই পুরুষ আছেন, বাকি সব মহিলা, মন্তব্য দিলীপ ঘোষের

আমাদের ভারত, ১২ নভেম্বর: শ্রাবন্তীর দলত্যাগের প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিতে মহিলাদের স্থান নিয়ে সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন তৃণমূলে তো একজনই পুরুষ রয়েছেন, বাকি সব মহিলা। তার স্পষ্ট দাবি বিজেপিই মহিলাদের সম্মান দেয়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ত্যাগের প্রসঙ্গে বলতে গিয়ে সায়নী ঘোষ গতকাল বলেছিলেন, কোন মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়। বিজেপি নারী বিদ্বেষী দল। আজ প্রাতঃভ্রমণের পর দিলীপ ঘোষকে শ্রাবন্তীর বিজেপি ছাড়া প্রসঙ্গে সায়নীর করা মন্তব্যের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন,” সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে কি পুরুষ মনে করেন নাকি”। তিনি দাবি করেন বিজেপিই সেই দল যেখানে দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী করেছে। তার দাবি “চারজন মহিলা রাজ্যপাল আমরা করেছি।”

সায়নীর বক্তব্যের পাল্টা কটাক্ষ করে তিনি বলেন,” ওরা যাকে মহিলানেত্রী ভাবেন তিনি নিজেকে মহিলা ভাবেন না। তৃণমূলে একজন পুরুষ আছেন বাকি সব মহিলা।”দিলীপ ঘোষের এই মন্তব্যের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কারণ একজন পুরুষ বলতে তিনি আদতে কাকে বুঝিয়েছেন তা স্পষ্ট।

শ্রাবন্তী সহ সেলিব্রিটিদের রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,”এদের কতদিন রাস্তায় দেখা যায়? এদের কখনো রাস্তায় দেখেছেন? কার্যকর্তারা যখন রাস্তায় মার খাচ্ছেন, তখন এদের কাউকে দেখা যায়নি। এটা হচ্ছে রাজনীতি। কেউ যদি ভাবে বাড়িতে বসে থাকব, আর মালা চড়াবে এটা হয় না। লকেট চ্যাটার্জিও সিনেমাতে ছিলেন। তিনি পার্টিতে এসেছেন লড়াই করেছেন দল গুরুত্ব দিয়েছে, নেত্রী হয়েছেন। লোক কেন ভোট দেবেন যারা পার্টিটা লড়ে করেছেন তাদের ভোট দিচ্ছেন।”

শ্রাবন্তীর দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, অভিনেতা-অভিনেত্রীরা তৃণমূল নেতাদের অনুষ্ঠানে যাচ্ছেন, কারণ ওখানে গেলে কাজ পাওয়া যায়। তাই পেটের দায়ে তাদের সেখানে যেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *