আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি: ক্রমেই পাল্টে যাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। ফলে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা নিয়ে নয়া দিশা দেখালো মোদী সরকার। মহামারী পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করার পক্ষে জোর দেওয়া হয়েছে। তাই কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদিকে যেমন নতুন ২০০টি টেলিভিশন চ্যানেল আনার কথা ঘোষণা করলেন। তেমনি ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার সংসদে নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে ছাত্রবন্ধু বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। নির্মলা সীতারামন বলেছেন, করোনা পরিস্থিতি পড়াশোনায় যে ক্ষতি হয়েছে সেই ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী বিদ্যা প্রকল্পে নতুন টিভি চ্যানেল আনা হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে আলাদা আলাদা টেলিভিশন চ্যানেল। পড়ুয়াদের জন্য স্থানীয় ভাষায় শিক্ষা মূলক তথ্য দেওয়া হবে সেখানে। এই ধরনের ২০০টি টেলিভিশন চ্যানেল আছে বলে ঘোষণা করেছেন সীতারামন। শুধু চ্যানেল নয়,ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি করারও ঘোষণা করেছেন নির্মলা।
মহামারী পরিস্থিতিতে অনলাইন পড়াশোনায় অভ্যস্ত হয়ে পড়েছে ছোট ছোট পড়ুয়ারা। পরবর্তী সময়ে এই ধরনের পড়াশোনার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়বে সব বয়সীর পড়ুয়ারা। তাদের জন্য ডিজিটাল বিশ্ববিদ্যালয় আনার পরিকল্পনা করেছে কেন্দ্র। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল মাধ্যমে পড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারামন আরো জানান শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে দু’লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে টেলিমেডিসিন সেন্টার করবে কেন্দ্র।
তবে শিক্ষাবিদদের একাংশের অভিযোগ দেশের প্রত্যন্ত প্রান্তে এখনো মোবাইল নেটওয়ার্ক পৌঁছয়নি ফলে সেখানে শিক্ষা গ্রহণ থেকে ব্রাত্য থেকে গেছে বহু পড়ুয়া। একই সঙ্গে পরিবারের মাঝে বসে পড়ুয়ারা কতটা স্বাচ্ছন্দে শিক্ষা গ্রহণ করতে পারবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

