CM, BJP, Digital census, ডিজিটাল জনগণনা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে, দিন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ২৯ মে: এবার রাজ্যে শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী ১ আগস্ট থেকে রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে শুক্রবার নবান্নে এক বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দফায় দফায় এই কাজ চলবে। এবারে জনগণনায় থাকছে বহু নতুন চমক। রাজ্যের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তির সাহায্য নিয়ে আমজনতার সুবিধার্থে এবার সেল্ফ এনুমারেশন বা স্বগণনার ব্যবস্থা রাখা হচ্ছে।আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত যাবতীয় তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে— www.westbengal.census.gov.in

জনগণনা নিয়ে আম জনতার মনে যাতে কোনো রকম বিভ্রান্তি, সংশয় বা ভয়ের পরিবেশ তৈরি না হয় তার জন্য কড়া নজর রাখছে নবান্ন। সাধারণ মানুষের সুবিধার্থে এবং সব প্রশ্নের উত্তর দিতে একটি টোল ফ্রি ও একটি ল্যান্ডলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দেশব্যাপী চালু থাকা হেল্পলাইন নম্বর ১৮৫৫ পাশাপাশি বাংলার বাসিন্দারা ০৩৩- ২৩৩৫৯৫০৩ নম্বরে ফোন করে ওই সংক্রান্ত যে কোনো সাহায্য বা তথ্য পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার প্রতিটি নাগরিককে কোনোরকম দ্বিধাবোধ না করে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।

সাংবাদিক বৈঠক থেকে একদিকে যেমন আমজনতাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী, তেমনি রাজনৈতিক ও প্রশাসনিক বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। বিগত সরকারকে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী বলেছেন, আগের সরকারের গাফিলতির কারণে এই গুরুত্বপূর্ণ কাজে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি।

বাংলায় শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। তারপর দীর্ঘ দেড় দশক কেটে গেলেও আর কোনো সেন্সাস হয়নি। বর্তমান প্রেক্ষাপট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা একটি সাংবিধানিক দায়বদ্ধতা। এটা কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয় না, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে অবাধ অনুপ্রবেশের কারণে বাংলার জনবিন্যাস বা ডেমোগ্রাফি মারাত্মকভাবে বদলে গিয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিজিটাল খতিয়ান অত্যন্ত জরুরি।

আগস্ট মাস থেকে জনগণনা হতে পারে এমন একটা ইঙ্গিত প্রশাসনিক মহলে আগে ঘুরপাক খাচ্ছিল। শুক্রবার নবান্নের বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্ট করে দিলেন যে আগামী সাত মাস প্রশাসনিক স্তরে বাংলায় সব থেকে বড় কর্মকাণ্ড হতে চলেছে। আর সেই কর্মকাণ্ড এবার হবে ডিজিটাল পদ্ধতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *