ঘরের মেয়ে কি চাল চুরি করে, অশোকনগরে তৃণমূলকে কটাক্ষ স্মৃতি ইরানির

প্রতীতি ঘোষ, অশোকনগর, ১৫ এপ্রিল:
“তৃণমূল বলছে বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু ঘরের মেয়েকি তাঁর নিজের বাড়ি থেকে চাল চুরি করে? অথচ কেন্দ্র থেকে পাঠানো চাল দিদির লোকেরা চুরি করে। বাংলার রাস্তা ঘাট ভাঙ্গা অথচ প্রধানমন্ত্রী টাকা পাঠিয়ে রেখেছেন। সেই টাকা গেল কোথায়, তার উত্তর দিদি দিতে পারছেন না।” অশোক নগরের বিজেপি প্রার্থীর তনুজা চক্রবর্তীর সমর্থনে সভা করতে এসে এই কথা বললেন স্মৃতি ইরানির।

বুধবার অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে হরিপুর মাঠে একটি জনসভা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, কোবিডে যে মহামারি হয়েছে সেই সময় কেন্দ্র ৮০ কোটি লোকের জন্য ৮ মাস বিনামূল্যে রেশন দিয়েছে, কিন্তু এই রাজ্যে মানুষ তা পায়নি, তৃণমূলের নেতারা তা লুঠ করেছে। রাস্তাঘাট ভালো নেই, খাবার জল নেই গ্রামে। সেজন্য নরেন্দ্র মোদী ৯০০ কোটি টাকা পাঠিয়েছেন, কিন্তু কোনও কাজ হয়নি। সেই টাকা কোথায় গেল?

স্মৃতি ইরানি গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, তৃণমূলের গুন্ডারা গরিব মা বোনের উপর অত্যাচার করেছে, তাঁদের ভোট দিতে দেয়নি। তৃণমূলের অত্যাচারের খেলা এবার শেষ।

অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে নাম না করে স্মাগলার বলেও কটাক্ষ করেন তিনি। এছাড়াও স্মৃতি ইরানি বলেন, আমরা ক্ষমতায় এলে পুলিশের একটি আলাদা মহিলা ব্যাটেলিয়ান করবো বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *