আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি: গরু পাচার মামলায় এবার অভিনেতা-সাংসদ দেবকেই তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তা নিয়ে এ বার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেবের জন্য খারাপ লাগলেও, তৃণমূলে থাকার জন্যই তারকা অভিনেতাকে এ সবের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি।
রাজনীতিতে প্রতিপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার পক্ষেই বারবার সওয়াল করে এসেছেন দেব। রাজনীতিতে থাকলেও এ যাবৎ নিজের স্বচ্ছ ভাবমূর্তিই ধরে রেখেছিলেন তিনি। মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে পৌঁছন দেব। তার পরই সংবাদমাধ্যমে মুখ খোলেন সুকান্তবাবু।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘আগেও বলেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তৃণমূলের সঙ্গে থাকলে এমনই হবে। তৃণমূল ভোটে জিততে পারে হয়ত, সে তো একসময় জ্যোতি বসুও জিততেন। কিন্তু এখন তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা হয়। তাঁর আমলের লোডশেডিং, ইংরেজি তুলে দেওয়া নিয়ে সমালোচনা হয় সর্বত্র। তৃণমূলেরও সময় আসবে। তখন এর থেকেও খারাপ অবস্থা হবে।’’
দেবকে জেরার প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ‘‘তৃণমূলে থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক। দুঃখজনক। আমাদেরও খারাপ লাগছে। কিন্তু তৃণমূলে থাকার জন্যই আজ এমন অবস্থা। উনি যা জাননেন, সে সব তথ্য দিন সিবিআই-কে। উনি গরু পাচার করেছেন বলে তো আর সিবিআই ডাকেনি। কী কী জানেন, তা জানার জন্য ডেকে পাঠিয়েছে। আমরা কিছুই জানি না। তবে দেব ঈশ্বরের পাঠানো বরপুত্র নাকি! আপনার আমার মতো সাধারণ মানুষ। আপনাকে আমাকে যদি সিবিআই জেরা করতে পারে, তাহলে ওঁকে কেন নয়!’’

