রাজেন রায়, কলকাতা, ২৫ মে: স্ত্রী সুস্থ হয়ে বাড়িতে চলে এলেও এবার শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন লেভেল ৮০-৮১ তে নেমে যায়। তারপর আর বাড়িতে তাঁর চিকিৎসার ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। দুপুর ১২টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হয়। সূত্রের খবর, আইসিইউ-তে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলবে।গত ১৮ মে করোনা পজিটিভ রিপোর্ট আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের। তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তির করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান বুদ্ধদেব ভট্টাচার্য।
ফলে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মীরা। মঙ্গলবার হঠাৎই অবস্থা সংকটজনক হয়ে যায়। ফলে আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে।

