অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুন: গোপীবল্লভপুরের গ্রামীণ এলাকার বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে ডবলুবিএসইডিসিআই’য়ের গোপীবল্লভপুর কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির গোপীবল্লভপুর শাখা। মঙ্গলবার সংগঠনের স্থানীয় নেতৃত্বরা গ্রামীণ এলাকার গ্রাহকদের সঙ্গে নিয়ে দফতরের আধিকারিকের কাছে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান। পাশাপাশি ক্ষোভ উগরে দেন নিয়মিত লো ভোল্টেজ এবং লোডসেডিংয়ের জন্য। বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়, করোনা পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং প্রতি ইউনিট বিদ্যুতের ২ টাকা মূল্য ধার্য করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে সুদীপ্ত জানা, স্বরূপ প্রামাণিক সহ স্থানীয় গোপীবল্লভপুরের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া কমলাশোল এলাকার বিদ্যুৎ গ্রাহকরা।
উল্লেখ্য, গোপীবল্লভপুর এলাকার বিদ্যুৎ পরিষেবা প্রায় মাসখানেক ধরে খুবই ব্যহত হচ্ছে। অভিযোগ, দিনের মাত্র কয়েকঘন্টা বিদ্যুৎ স্বাভাবিক থাকলে বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এলাকায়। সামান্য বৃষ্টিতেই ঘন্টায় পর ঘন্টা পরিষেবা অচল করে রাখা হয় বলে অভিযোগ। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে শুরু করে হাঁসফাঁস করা গরমে নাকাল হতে হয় এলাকাবাসীকে। তাই এদিন বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষে বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবি জানানো হয়। সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সুদীপ্ত জানা বলেন, প্রাকৃতিক দুর্যোগে জন্য পরিষেবা ব্যহত হচ্ছে বলে দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। কিন্তু সমস্যা সমাধান না হলে আগামী দিনে আন্দোলন জোরদার হবে।

