গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণদের আবার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ নভেম্বর: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বেকার যুবক যুবতীরা গ্রুপ ডি’র চাকরির জন্য আবেদন পত্র জমা দিয়েছিল এবং ২০১৭ সালে সেই পরীক্ষা দিয়েছিলেন তারা। পরীক্ষার পর ফলাফল ঘোষণা হয় ২০১৮ সালে।আর সেই থেকেই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজও রাস্তায় রাস্তায় আন্দোলনে নামছেন চাকরির দাবিতে।

সরকারি নিয়ম মেনে পরীক্ষা হয়, ফলাফল প্রকাশ হয় কিন্তু হয় না নিয়োগ। আর সেই নিয়োগের দাবিতে একাধিকবার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন জমা দিলেন ডি গ্রুপ চাকরির পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তারা একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরের সামনে ধর্নায় বসেছিলেন, কলকাতার রাজপথে আন্দোলনে সামিল হয়েছিলেন, বিনিময়ে পেয়েছিলেন পুলিশি গ্রেপ্তারি কিন্তু মেলেনি চাকরির নিয়োগ পত্র। তাই তারা এই মহামারি পরিস্থিতির মধ্যেও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে বার বার তারা চাকরির দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে কখনো আন্দোলন করছেন, আবার কখনো ডেপুটেশন জমা দিয়েছেন জেলাশাসকের কাছে।

তারা আজ কৃষ্ণনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, প্রতিটি নির্বাচনের আগেই একাধিক প্রতিশ্রুতি তারা পেয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি মতো এখনও পর্যন্ত রাজ্য সরকার তাদের বিষয়টি নিয়ে কর্ণপাত করলেন না। তাই তারা দাবি করেন, অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করে তাদের দারিদ্রতা দূর করতে হবে। চাকরির অপেক্ষায় থাকতে থাকতেই অনেকের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সীমা থাকে তা অনেকদিন আগেই পেরিয়ে গেছে। আগামী কোনও চাকরির পরীক্ষায় তারা আর বসতে পারবে না। তাই তারা অবিলম্বে নিয়োগ চাইছেন। রাজ্য সরকারের একাধিক কার্যালয় ডি গ্রুপের কর্মীর পদ ফাঁকা রয়েছে। একাধিক কর্মীর প্রয়োজন। তাই তারা দাবি করছেন অবিলম্বে নিয়োগ করতে হবে তাদের।এছাড়াও আজ তারা হুঁশিয়ারি দিলেন, অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ না করলে আগামী দিন গোটা রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *