আমাদের ভারত, কুলতলি, ৯ নভেম্বর: ফের বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। তবে সঙ্গী মৎস্যজীবীদের তৎপরতায় তাঁকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আহত মৎস্যজীবী লক্ষ্মীন্দর সাঁপুইকে গুরুতর জখম অবস্থায় সোমবার রাতে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে মঙ্গলবার ভোরে।
জানাগেছে, সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরার পর নৌকায় শুয়ে খানিক বিশ্রাম নেওয়াই যেন কাল হয় মৎস্যজীবীদের। যখন তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সুন্দরবনের বেনিফেলির জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে নৌকায়। মৎস্যজীবী লক্ষ্মীন্দর সাপুই এর মাথায় কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অপর দুই সঙ্গী লাঠি, বৈঠা নিয়ে সঙ্গীকে বাঁচাতে বাঘের দিকে তেড়ে যায়। শেষে শিকার ছেড়ে জলে ঝাঁপিয়ে সাঁতরে জঙ্গলে চলে যায় বাঘ। জীবন বাঁচে লক্ষ্মীন্দরের। জখম অবস্থায় তাঁকে সোমবার রাতে নিয়ে আসা হয় কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে।
বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, গত সোমবার কুলতলির দেউলবাড়ির চিতুরি মুখ এলাকার বাসিন্দা সৌমিত্র সরদার, লক্ষ্মীন্দর সাঁপুই, ইব্রাহিম শেখ সুন্দরবনের বেণীফেলি জঙ্গলের কাছে নদীতে কাঁকড়া ধরতে যায়। সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাঁকড়া ধরে তাঁরা নৌকায় শুয়ে বিশ্রাম করছিলেন, সেইসময়েই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আক্রমণ করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

