।অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ মার্চ:
এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ডেপুটেশন দিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক রাস্তা উন্নয়ন কমিটি। তাদের দাবি, প্রতি নিয়ত বালির গাড়ি চলাচলের জন্য ব্লকের ছাতিনাশোল থেকে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে তাই রাস্তাটি সংস্কারের দাবিতে এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেয় রাস্তা উন্নয়ন কমিটি। কমিটির পক্ষ থেকে এদিন প্রায় ৩৫০ জন সাধারণ মানুষের গণ স্বাক্ষর নিয়ে বিডিওর হাতে দাবি পত্র তুলে দেন তরুণ রথ, রাজকুমার মাহাত, উত্তম পাত্রের মতো গোপীবল্লভপুর রাস্তা উন্নয়ন কমিটির সদস্যরা।

এদিনের ডেপুটেশনে রাস্তা উন্নয়ন কমিটির তরফ থেকে দাবি তোলা হয়, ছাতিনাশোল থেকে জগন্নাথপুর পর্যন্ত রাস্তার যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করতে হবে। বালির গাড়ি চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ আনতে হবে। রাস্তার উপর ওভারলোড বালির গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
এদিনের ডেপুটেশনে যোগ দিয়ে গোপীবল্লভপুর রাস্তা উন্নয়ন কমিটির তরফ থেকে তরুণ রথ বলেন, ছাতিনাশোল থেকে জগন্নাথপুর পর্যন্ত রাস্তাটি এমন বেহাল হয়ে পড়েছে যাতে সাধারণ ছাত্রছাত্রীরা বাড়ি থেকে পড়াশোনার জন্য বেরোলে চিন্তায় থাকেন বাড়ির অভিভাবকরা তেমন রাত বিরেতে মুমূর্ষ রোগীদের হাসপাতালে পৌঁছাতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই আমরা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা দাবি রাখছি দ্রুত রাস্তা সংস্কার করা হোক। বালির গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হোক প্রশাসনের তরফ থেকে।

