গাইঘাটায় বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ, ব্যবসায়ীর ক্ষতি লক্ষাধিক টাকা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ মার্চ: পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি এলাকায়। এর ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্য ব্যবসায়ীর।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চড়ুইগাছি কবর খোলার দুই বিঘা জমি আয়তনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন সঞ্জয় ভৌমিক নামে এক মাছ ব্যবসায়ী। তিনি গাইঘাটার জলেশ্বরের বাসিন্দা৷ মাস কয়েক আগে সেখানে তিনি মাছ চাষ শুরু করেছিলেন৷ অভিযোগ, সোমবার সকালে তিনি খবর পান তার পুকুরে কেউ বা কারা বিষ দিয়ে দিয়েছে। ফলে ছটফট করতে করতে মাছ মারা যাচ্ছে। খবর পেয়ে পুকুরের ধারে ছুটে আসেন সঞ্জয়বাবু। তাঁর আক্ষেপ, বহু চেষ্টা করেও পুকুরের মাছ বাঁচাতে পারেননি তিনি। পরে রাতে গাইঘাটা থানায় তিনি বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ দায়ের করেন।

সঞ্জয়বাবু বলেন, কেউ বা কারা শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে দিয়েছে। খবর পেয়ে এদিন সকালে পুকুর পরিদর্শনে আসেন গাইঘাটা থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷

পুকুরের মালিক রফিক আলি রোমানিয়ার অভিযোগ, এই পুকুরে মাঝে মধ্যেই কেউ বা কারা শত্রুতা করে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। জানালেন, এ বছর সঞ্জয়কে তাঁরা পুকুর লিজ দিয়েছিলেন। ধারদেনা করে সঞ্জয় মাছ চাষ করেছিলেন। রফিকেরও অভিযোগ, বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। পাশাপাশি সব রকম ভাবে সঞ্জয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *