সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ অক্টোবর: সরকার নির্ধারিত আস্থায়ী কর্মীদের বর্ধিত হারে বেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের সদস্যর চাকরির দাবিতে আজ দুপুরে জেলাশাসকের হাতে স্মারকলিপি দেয় বাঁকুড়া জেলার তিনটি পৌরসভার শ্রমিক কর্মচারীরা। জেলার তিনটি পৌরসভার শ্রমিক ও কর্মচারীরা তাদের দাবি আদায়ের জন্য পৌরকর্মচারী অধিকার মঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেছে।

আজ দুপুরে হিন্দু স্কুল মাঠ থেকে তিন পৌরসভার কর্মীরা মিছিল করে মাচানতলায় পৌছায়। সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিটু নেতা অশোক ব্যনার্জি, এআইটিইউসি নেতা ভাস্কর সিনহা, নেতা বাবলু ব্যনার্জি প্রমুখ। তারা বলেন, রাজ্য সরকার শ্রমিক কর্মচারীদের কথা বিবেচনা করে রাজ্যের পৌরসভাগুলিকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ দেন। কিন্তু বাঁকুড়া জেলার তিনটি পৌরসভাই এই নির্দেশকে অগ্ৰাহ্য করে চলেছে। এছড়াও অস্থায়ী কর্মীদের
স্থায়ীকরণের বিষয়টি উপেক্ষিত রয়েছে। কর্মরত অবস্থায় মৃত ব্যক্তির পরিবারের এক সদস্যের চাকরির বিষয়টি ও মান্যতা পাচ্ছে না।অবিলম্বে এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে সভায় বক্তারা হুশিয়ারি দেন।
পৌর কর্মচারি অধিকার মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দাবি সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে দেন।

