আমাদের ভারত, বর্ধমান, ২৯ অক্টোবর: বর্ধমান পুরসভা এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে সেই সংখ্যা যাতে না দিনে দিনে বেড়ে যায় সেইজন্য সচেতন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান শহরের ২৭ নং ওয়ার্ডের শ্যামলাল এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরেই শুক্রবার ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান বর্ধমান উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। তার সঙ্গে ছিলেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শ্যামলাল এলাকায় সাত দিনের জন্য দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মধ্যে বর্ধমান শহরে ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে বর্ধমান পুরসভার ২৭ নং ওয়ার্ডের শ্যামলাল এলাকায় ১৭ জন আক্রান্ত হয়েছে। ফলে পূর্ব বর্ধমানের জেলাশাসক ওই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এদিন ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। তার সঙ্গে ছিলেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ ও আধিকারিকরা। তারা এলাকার মানুষজনের সঙ্গে কথাবার্তা বলেন। ওই এলাকায় সাতদিন দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো তারা দোকানদারদেরও সেই বার্তা দেন। পাশাপাশি ওই এলাকায় যাতে কোনওভাবেই মানুষ ভিড় জমাতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। সাতদিন ধরে ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। সাত দিন পর পরিস্থিতি খতিয়ে দেখে জেলা প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামলাল এলাকায় সতেরো জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই মতো এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাত দিন ধরে এই এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। বাইরের লোকজন কেউ যাতে এলাকায় যেতে না পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এখানে জমায়েত করা যাবে না। বর্ধমান থানার পুলিশকে এই এলাকায় রাখা হয়েছে।

