পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় মিছিল পরিক্রমা করার পর বটতলাচকে পেট্রোল পাম্পের সামনে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করে স্লোগান দেন যুব কংগ্রেস নেতা কর্মীরা।

জেলা যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ সাইফুল বলেন, পেট্রোল ড্রিজেল সহ রান্নার গ্যাসের যে ভাবে দাম বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষ নাজেহাল। জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *