টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ বীরভূমে

আশিস মণ্ডল, সিউড়ি, ২৫ আগস্ট: এবার খেলা হবে স্লোগান শোনা গেল চাকরি প্রার্থীদের মুখে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সেই বিক্ষোভ মিছিলেই প্রতিশ্রুতির খেলা হবে স্লোগানে সিউড়ি শহর মাতিয়ে দেন তারা। তাদের দাবি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো টেট উত্তীর্ণ প্রশিক্ষিত সমস্ত প্রার্থীদের প্রাথমিকে নিয়োগপত্র দিতে হবে। এই দাবি তুলে বুধবার পথে নেমেছিলেন ২০১৪ সালে প্রাথমিকের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত অথচ এখনও মেরিট লিস্টে অন্তর্ভূক্ত হয়ে নিয়োগপত্র পাননি এমন বঞ্চিত চাকরি প্রার্থীরা। জেলা শাসকের অফিসের সামনে বসে তাঁরা হাত জোর করে প্রতিশ্রুতি পূরণের আবেদন জানান। চাকরি দিতে না পারলে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দেওয়ারও আবেদন জানিয়েছেন তারা।

এদিন সকাল থেকেই সিউড়ি শহরে জমায়েত হতে থাকেন চাকরি প্রার্থীরা। এরপর শহরে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। প্ল্যাকার্ড ব্যানার হাতে তাদের যন্ত্রণা, অসহায়তা, বেকারত্বের জ্বালার কথা উগড়ে দেন চাকরি প্রার্থীরা। তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির মিথ্যাচারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর প্রতিশ্রুতি রক্ষার আবেদন জানান। চাকরিপ্রার্থীদের পক্ষে অর্ণব ঘোষ বলেন, ‘‘বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কুড়ি হাজার প্রার্থী ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে সাড়ে ষোলো হাজার প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করা হবে। বাকিদেরও ধাপে ধাপে নেওয়া হবে। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। পর্ষদ সভাপতি ঘোষণা করে দিয়েছে সাড়ে ষোলো হাজার নিয়োগ হয়ে গেছে। অথচ আমরা জানি তা ঠিক নয়। আমরা চাই সাড়ে ষোলো হাজারে আমরা যারা নন ইনক্লুডেড টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থী আছি তাদেরও অবিলম্বে নিয়োগ করা  হোক। পর্ষদ সভাপতির মিথ্যাচার মানব না।’’

বিক্ষোভের মধ্যেই চাকরি প্রার্থীরা তাদের যন্ত্রণার কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমাদের বয়স বেড়ে যাচ্ছে। করোনার জন্য গৃহশিক্ষকতা করে যেটুকু রোজগার করতাম তাও তলানীতে পৌঁছেছে। এই অবস্থায় আমাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই এই নিয়োগ চাইছি। চাকরিপ্রার্থীর এও জানিয়েছেন, কত নিয়োগ হল, কত বাকি আছে তা জানার জন্য তথ্য জানার আইনে আবেওদন করেও কোনও উত্তর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *