সাথী দাস, পুরুলিয়া, ১৭ মে: তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদের ঝড় উঠল পুরুলিয়াতেও। দলীয় দুই মন্ত্রী সহ বিধায়কদের সিবিআইয়ের গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা কর্মীরা। আটকের খবর পৌঁছাতেই দুপুর থেকেই পুরুলিয়ায় বিক্ষোভ দেখায় তৃণমূল। বরাবাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ব্লক যুব তৃণমূল। শিবিরের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। বিজেপির হয়ে কাজ করারও অভিযোগ তোলেন তদন্তকারী এই সংস্থার বিরুদ্ধে।

অন্যদিকে, পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূলীরা। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মোড়ে টোকেন প্রতিবাদ কর্মসূচি পালন করে শহর তৃণমূল কংগ্রেস। এছাড়াও কসাই মহল্লাতেও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল নেতা সোহেল দাদ খান। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় থানার পুলিশ নেতাদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তুলে দেয়।


