শুরু দুঃস্বপ্নের স্মৃতি পোস্তা উড়ালপুল ভাঙ্গার কাজ, পরিদর্শনে ফিরহাদ হাকিম

রাজেন রায়, কলকাতা, ২২ জুন: ২০১৬ সালের ৩১ মার্চ। চলন্ত শহর কলকাতার বুকে আচমকাই ভেঙ্গে পড়েছিল গিরিশ পার্ক পোস্তা উড়ালপুল। সেতুর নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল বহু মানুষের। তারপর সেই বিষয়টি নিয়ে বহু আইন আদালত গড়ালেও সেতু ভাঙ্গার বিষয়ে সিদ্ধান্ত নিতে লেগে গিয়েছে বহু সময়। অবশেষে মঙ্গলবার শুরু হল পোস্তা উড়ালপুল ভাঙ্গার কাজ। যার জেরে পোস্তা দিয়ে বন্ধ যান চলাচল।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রাজাকাটরার সামনে থেকে পোস্তা মার্কেট পর্যন্ত অংশ ভাঙ্গা হবে। কাজ চলবে ৪৫ দিন ধরে। ফলে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ রাখতে হবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তাকে সামনে রেখে পোস্তা উড়ালপুল ভাঙ্গার কাজ করা হবে। কাজ শুরু হওয়ার পর কিভাবে পোস্তা উড়ালপুল ভাঙ্গার কাজ চলছে, তা পরিদর্শন করতে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম।

তিনি জানান,‘চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার সহ সকলে মিলে দেখলাম কীভাবে পোস্তা উড়ালপুল ভাঙ্গার কাজ হচ্ছে। কী প্রক্রিয়ায় কাজ হচ্ছে। নিরাপত্তার বিষয়টা কীভাবে দেখা হচ্ছে। এগুলো সব আজ দেখা হল। সেইমত পোস্তা উড়ালপুলের ভাঙ্গার কাজের সমস্ত রিপোর্ট চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।’ ‘ইঞ্জিনিয়ার খুব সাবধানে খোলার কাজ করছেন। নতুন টেকনোলজি দিয়ে পোস্তা উড়ালপুল খোলার কাজ চলছে। খোলার সময় মৃদু শব্দ হবে। ভাঙ্গার জন্য হয়তো একটু সময় লাগবে। সব দেখেশুনে আমরা সন্তুষ্ট’ বলেও জানান ফিরহাদ হাকিম। এদিকে এই দুঃস্বপ্নের সেতু দ্রুত চোখের সামনে থেকে সরে যাক, এমনটা চাইছেন এলাকাবাসীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *