মিড ডে মিল আত্মসাৎ করার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে, স্কুলে বিক্ষোভ গ্রামবাসীদের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২২ জুন: মিডে ডে মিলের চাল চুরি করার অভিযোগ উঠল স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। এর প্রতিবাদে অভিভাবক ও গ্রামবাসী ওই শিক্ষিকার অপসারণ চেয়ে স্কুলে বিক্ষোভ দেখায়। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার বালুইগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দাস মজুমদারের বিরুদ্ধে অভিযোগ ছাত্র ছাত্রীদের মিড ডে মিল আত্মসাৎ করার। তারই প্রতিবাদ জানিয়ে এদিন ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিদ্যালয়ে।

গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে মিড ডে মিল দেওয়ার সময় ছাত্র ছাত্রীদের চাল আত্মসাৎ করেন শিক্ষিকা রমা দাস মজুমদার। তারই প্রতিবাদে গত মাসে শিক্ষিকাকে স্কুলের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। এরপর প্রশাসনের হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় মিড ডে মিল দেওয়ার সময় থাকবেন না ওই শিক্ষিকা। কিন্তু এদিন মিড ডে মিল দেওয়ার সময় অভিভাবকরা দেখতে পান ওই শিক্ষিকা স্কুলে এসেছেন মিড ডে মিল দেওয়ার জন্য। এরপর স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক থেকে স্থানীয় গ্রামবাসীরা। যদিও শিক্ষিকার দাবি, তিনি চুরি করেছেন এমন কোনও অভিযোগ নেই তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

এদিন তিনি জানান, যেহেতু স্কুলে কর্মরত তাই তিনি স্কুলে এসেছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, গত মাসে উনি যে মিড ডে মিলের খাবার নিয়ে বেরিয়েছিলেন। সেখানে অতিরিক্ত মিড ডে মিল থাকায় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরেন। এরপর থেকে স্কুলে আসতে বারণ করা হয়েছিল রুমা দাস মজুমদারকে। কিন্তু শিক্ষিকা কোনও কথা না শুনেই স্কুলে আসেন, এরপর গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসেন হাবড়া থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *