আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ জানুয়ারি: ব্যারাকপুরের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে সপ্তাহে চারদিন ব্যারাকপুর পৌরসভা এলাকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
ব্যারাকপুরে বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে করোনা রোগীর সংখ্যা দেখে ১৫ দিন অর্থাৎ দুই সপ্তাহের জন্য ব্যারাকপুরে সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। আজ দুপুরে ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন সরকারি আধিকারিক ও হেলথ অফিসার একত্রিত হয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয় সোম, বুধ ও শুক্রবার বাজার ও দোকান খোলা থাকবে এবং সপ্তাহের বাকি চার দিন বন্ধ থাকবে। তবে সমস্ত ইমারজেন্সি দোকান খোলা থাকবে সাথে খোলা থাকবে মিষ্টির দোকান।

এই সব সিদ্ধান্ত নিয়ে ব্যারাকপুর পৌরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস সাংবাদিকদের জানান, “ব্যারাকপুরের করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় ১০০ জনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। তাই ব্যারাকপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছি।”
পৌর সভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যারাকপুরের
বাজারগুলির ব্যবসায়ীদের বক্তব্য, “এই সিদ্ধান্তে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু সকলের ভালোর জন্য করোনা থেকে বাঁচতে আমাদের এটা করতে হবে। তবে আমরা বাজারের ব্যবসায়ীরা সমস্ত ক্রেতাদের সব সময় মাস্ক ব্যবহার করার কথা বলছি। যদি সেরম বড় সমস্যা হয় আমরা ভিড় সামাল দিতে না পারি তাহলে প্রশাসনের থেকে ব্যবস্থা নিতে হবে।”
তবে এত বিধি নিষেধের পরও মাস্ক ছাড়া বাজারে এখনো ঘুরতে দেখা গেল বহু অসচেতন
নাগরিকদের।

