করোনা আক্রান্ত চিকিৎসক ডিউটি করছেন দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে, ঘটনা ঘিরে চাঞ্চল্য

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জানুয়ারি:
দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসক বিকাল থেকে ডিউটি করছেন। বিশ্বনাথপুর হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ধিমান ব্যানার্জি সব কিছু জানা সত্ত্বেও ওই করোনা আক্রান্ত চিকিৎসককে দিয়ে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ডিউটি করাচ্ছেন। আর এই বিষয়ে জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতাল চত্বরে থাকে সাধারণ মানুষ।

রোগীর আত্মীয়দের বক্তব্য, ব্লক স্বাস্থ্য আধিকারিক কিভাবে একজন করোনা আক্রান্ত চিকিৎসককে দিয়ে হাসপাতালে ডিউটি করাচ্ছেন কেন তার জবাব দিতে হবে। এই নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। করোনা আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নেন। তিনি বলেন, তিনি করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বিএমওএইচ’কে জানিয়েছিলেন। তার পরে হাসপাতালে একাধিক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় তিনি হাসপাতাল থেকে যেতে পারেননি। তাই তিনি তার দায়িত্ব পালন করছেন।

তবে বিশ্বনাথপুর হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ধিমান ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ফোন ধরেননি। রোগীর আত্মীয় স্বজন এবং এলাকাবাসী হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায়। ঘটনায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *