জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে: শনিবার সবংয়ে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল দুই পক্ষের মধ্যে দোষারোপের চাপান উতোর শুরু হয়েছে। শনিবার বোমা বিস্ফোরণে সবং ব্লকের নিমকি মোহাড় গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিমল প্রধানের কাকা কৃষ্ণদাস প্রধানের গোয়াল ঘরের ছাউনি উড়ে যায়। কৃষ্ণ দাসের ছেলে বাদল প্রধান এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাদের বাড়িতে বিস্ফোরণের পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে সবং থানার পুলিশ মনে করছে গোয়াল ঘরে বোমা মজুদ করে রাখার জন্যই এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার পর কে বা কারা ওই গোয়ালঘরে বোমা রেখেছিল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স জানিয়েছেন, রাতের অন্ধকারে বিজেপির লোকজনই গোয়াল ঘরে বোমা রেখে দিয়ে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে। কারণ বিজেপি জেনে গেছে যে তাদের পায়ের তলায় আর মাটি নেই।
পঞ্চায়েত সদস্য বিমল প্রধান বলেন, রাতের অন্ধকারে বিজেপির লোকজনই গোয়ালঘরে বোমা মজুদ করে গিয়েছিল।
সবংয়ের বিজেপি নেতা বিমল মান্নার অভিযোগ, এই এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল লাগাতার সন্ত্রাস চালাচ্ছে। সন্ত্রাস দীর্ঘায়িত করার জন্য পুরো ব্লকজুড়ে তৃণমূলের লোকজনেরা বোমা মজুদ করেছে।

