রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন এবিটিএ ঘাটাল জোন

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৩ মে: কোভিড পরিস্থিতিতে ঘাটালের রেড ভলান্টিয়ার্সদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন এবিটিএ ঘাটাল জোন। রবিবার প্রয়াত নেতা জহর সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবনে।
এই দিন রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যদের হাতে কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকা এবং সহায়তা করার জন্য কিছু সামগ্রী তুলে দেয়া হয় এবিটিএ’র পক্ষ থেকে।

এবিটিএ’র নেতৃত্বে সুমন ঘোষ বলেন, রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা পরিস্থিতিতে করোনা রোগী এবং তাদের পরিবারের সদস্যদের পাশে আছেন এবং সক্রিয়ভাবে সহায়তা করছেন। শিক্ষক
মহাশয়রা রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যদের সহায়তা করতে এগিয়ে এসেছেন। এবিটিএর জোনাল কমিটির পক্ষ থেকে তাদের হাতে কিছু সামগ্রী যেমন মাস্ক, স্যানিটাইজার, পালস অক্সিমিটার, ফেস গার্ড ইত্যাদি তুলে দেওয়া হল। আমাদের সংগঠন অর্থাৎ এবিটিএ বরাবরই বিভিন্ন পরিস্থিতি যেমন খরা বন্যা ইত্যাদিতে মানুষের পাশে থাকে। করোনা পরিস্থিতিতে আমরা মানুষের সাথে আছি।

রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্য বিশ্বজিত দোলই বলেন, আমরা নিজেদের জীবনকে বাজি রেখে এই সঙ্কটময় পরিস্থিতিতে করোনা রোগী এবং তাদের
পরিবারকে পরিষেবা দিচ্ছি। আমরা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি, আমাদের কাজ করতে যাতে আরও সুবিধা হয়, সেই কারণে এবিটিএ’র পক্ষ থেকে কিছু সামগ্রী আজ আমাদের হাতে তুলে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *