জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: রাস্তার পাশ থেকে উদ্ধার হল মৃতদেহ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের সাঁজোয়াল এলাকায়। রাস্তার পাশে মাঠের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। মৃতের পাশ থেকে পুলিশ একটি সাইকেল ও একটি মদের বোতল উদ্ধার করে। মৃতের নাম লক্ষ্মণ মান্ডি (৪০)। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল লক্ষ্মণ। আজ তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কেউ তাকে মেরে ফেলে দিয়েছে এমনটাই দাবি করেছেন মৃতের দিদি সীতা মাহার। খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

