স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ সেপ্টেম্বর: আজ সকালে কৃষ্ণনগর জাভা এলাকার রাস্তার পাশে একটি টোটো এবং রাস্তার পাশে কলা বাগানের মধ্যে একটি মৃতদেহ দেখে পথচলতি সাধারণ মানুষ এবং এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। তারা ফোন করে স্থানীয় কোতোয়ালি থানায়। পুলিশ এসে উদ্ধার করে ওই মৃতদেহটি।

এলাকা সূত্রে জানা যায়, কিছুটা দূরে ভীমপুর থানার গোবরাপোতা এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী অর্জুন দাস পেশায় টোটো চালক। তার তিনটি সন্তান। ঘূর্ণি বিন্দু পাড়ার চল্লিশোর্ধ গৃহবধূ কনিকা বাউলের ছেলে মেয়েদের বিয়ে হয়ে নাতি-নাতনি হয়ে গেছে, তবুও অর্জুন দাসের সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি প্রকাশ্যে এসেছে বহুবার। বছর খানেক আগে তারা দুজনে পালিয়ে যায়। ছমাসের মধ্যে ফিরে এসে যে যার মত আবার সংসার করতে শুরু করে।

অর্জুন দাসের ভাগ্নে অনাথ দাস, দাবি করেছেন তার মামাকে খুন করা হয়েছে। কলা বাগানের মধ্যে শোয়ানো মৃতদেহের গলায় নাইলন দড়ির ফাঁস এবং কানের নিচে ও হাতের দু’এক জায়গায় সূচালো কিছু অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেই তাঁর মনে হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানিয়েছেন।

