অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ জানুয়ারি: বিজেপির নতুন জেলা কমিটির সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেত্রী। বিজেপির নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই ঝাড়্গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। এবার বিজেপি নেত্রী গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দাঙ্গি সোরেন তাঁর পদ থেকে পদত্যাগ করেন। আর এই পদত্যাগের পরেই আরও অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা বিজেপি সভাপতির কাছে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তিনি তাঁর পদত্যাগ পত্রে পরিস্কার জানিয়েছেন তার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। তিনি ৩০ জানুয়ারি তার ইস্তফা পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা বিজেপি সভাপতিকে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
এবিষয়ে দাঙ্গি সোরেন বলেন, “আমার শরীর অসুস্থ। অন্যদিকে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। এই অবস্থায় সহ সভাপতির মতো পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়।তাই আমি ওই পদ থেকে পদত্যাগ করেছি। নতুন কাউকে ওই পদে যাতে আনা হয় তার জন্য বলেছি।”

