Cyclone Arnab, মারাত্মক রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব! কতটা প্রভাব পড়তে চলেছে বাংলায়? বিস্তারিত জানালো, আবহাওয়া দপ্তর

আমাদের ভারত, ২৭ অক্টোবর: ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে আসছে। শেষমেষ আশঙ্কা সত্যি হলো। অর্ণবের প্রভাবে সকাল থেকেই আকাশের মুখ ভার। সকালের দিকে রোদ দেখা গেলেও বেলা বাড়তেই মেঘে ঢেকেছে আকাশ। পশ্চিমবঙ্গে অর্ণবের প্রভাব দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বেশ কিছু জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব গত ছয় ঘন্টায় কুড়ি কিমি বেগে পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। মঙ্গলবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনাম থেকে ১৭০ কিমি দক্ষিণ- দক্ষিণ পূর্বে কিনাড়া থেকে ১৯০ কিলোমিটার পূর্ব- দক্ষিণ পূর্বে।

মঙ্গলবার সন্ধে থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় অর্ণব। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। দমকা হাওয়া বইবে ঘণ্টায় ১৮০কিলোমিটার। বুধবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে অর্ণবের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকবে ঘন্টায় ১৩৫ থেকে ১৪৫ কিমি। সর্বোচ্চ দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় ১৬০ কিমি।

বুধবার ভোরের দিকে ১২৫ থেকে ১৩৫ কিমি ঝড়ো হাওয়া বইতে পারে। ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বিশাখাপত্তনামের কাছে অন্ধ্রপ্রদেশ ওইয়ানাম উপকূল অতিক্রম করবে এই অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়। তারপর ঝড়টি দুর্বল হয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।

বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ২৮ থেকে ৩০ অক্টোবর। উপকূলবর্তী এলাকায় ২৮- ২৯ অক্টোবর ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার কথা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ওই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, কলকাতা ও হাওড়ার কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে। ২৮ অক্টোবর প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। ২৯ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

অর্ণবের কারণে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ২৮ অক্টোবর সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ২৯- ৩০ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *