পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করলো আজাদ হিন্দ ক্যারাটে ফাউন্ডেশন। ছত্তিশগড়ের শক্তিতে অনুষ্ঠিত Ashihara Karate All India Federation Cup 2026-এ মোট ৯৬টি পদক জিতে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করল এই সংগঠনের ছাত্র- ছাত্রীরা। তাঁদের এই সাফল্যে গর্বিত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়ামহল।

গত ২৩ অক্টোবর ঝাড়গ্রাম থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হয় আজাদ হিন্দ ক্যারাটে ফাউন্ডেশনের দল। ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স তুলে ধরে তারা। দলের ঝুলিতে এসেছে মোট ৯৬টি পদক। এর মধ্যে রয়েছে ৩৭টি স্বর্ণপদক, ৩৩টি রৌপ্যপদক এবং ২৬টি ব্রোঞ্জপদক। এই সাফল্যের সুবাদে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দলটি।
পুরো দলটির তত্ত্বাবধানে ছিলেন শিহান ভবানী মহাপাত্র, সেনসি জয়দেব মাহাত, সেনসি শুভাশিস বারিক এবং সেনসি চন্দন মাহাত। প্রশিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, প্রতিযোগীদের কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতাই এই সাফল্যের অন্যতম ভিত্তি বলে মনে করছেন সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতা শেষে ২৭ অক্টোবর সকালে খড়্গপুর রেলস্টেশনে ফিরে আসে দলটি। সেখানে আজাদ হিন্দ ক্যারাটে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ শক্তিপদ মহাপাত্র তাঁর সহযোগী বিবেকানন্দ মাহাত ও অন্যান্য সদস্য সদস্যদের নিয়ে ছাত্র- ছাত্রী ও প্রশিক্ষকদের সম্মান জানান। এবং তাঁদের এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখও করান সকলকে।

এই সাফল্যকে ঘিরে সংগঠনের ছাত্র- ছাত্রী, প্রশিক্ষক, অভিভাবক ও সদস্যদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের এই সংস্থা জাতীয় স্তরে ৯৬টি পদক জয়ে এবং দ্বিতীয় স্থান অর্জনে আগামী দিনে এলাকার আরও বেশি ছাত্র- ছাত্রীকে ক্যারাটে, আত্মরক্ষার প্রশিক্ষণ ও খেলাধূলার প্রতি উৎসাহিত করবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা।
৯৬টি পদক, জাতীয় স্তরে দ্বিতীয় স্থান আজাদ হিন্দ ক্যারাটে ফাউন্ডেশনের এই সাফল্যে স্বভাবতই গর্বিত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর।


