জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: চন্দ্রকোনার শ্রীনগর রথতলায় রাজ্য সড়কে একটি লরি এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সাথে বচসা শুরু হয় স্থানীয়দের, পুলিশের গাড়ি ভাঙ্গচুর করে উল্টে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শ্রীনগর রথতলা এলাকার রামজীবনপুর-ক্ষীরপাই রাজ্যসড়কে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার বাসিন্দা রবীন্দ্র চৌধুরী (৫২) সাইকেলে করে শ্রীনগর বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় রামজীবনপুর থেকে ক্ষীরপাইয়ের দিকে আসা একটি ট্রাক ধাক্কা মারে রবীন্দ্র বাবুকে। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি ও পুলিশের গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে জানাগেছে। এলাকায় চাপা উত্তোজনা ছড়িয়েছে।

