আমাদের ভারত, বর্ধমান, ২ ডিসেম্বর: ফের চুরির ঘটনা ঘটলো বর্ধমান শহরে। তবে চুরির ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে চোরকে ধরলো বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহরের রথতলা এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বর্ধমান শহরের রথতলা এলাকার বাসিন্দা নারায়ণ হাজরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ করে জানান তিনি দু’দিন বাড়িতে ছিলেন না। দুদিন পরে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তার ঘরের আলমারি ভাঙ্গা। আলমারিতে থাকা সোনার গয়না টাকা-পয়সা চুরি হয়ে গেছে। ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ নারায়ণ হাজরার বাড়িতে যে ভাড়াটিয়া থাকেন সেই সংগ্রাম সাঁতরাকে বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটা সোনার হার, সোনার বালা, সোনার টায়রা, নাকের নথ, সোনার কানের দুল, সোনার আংটি ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সংগ্রাম সাঁতরাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, চুরি যাওয়ার আট ঘন্টার মধ্যে চোরকে ধরেছে বর্ধমান থানার পুলিশ। তার নাম সংগ্রাম সাঁতরা। ধৃত ব্যক্তি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের আলমারি ভেঙ্গে চুরি করেছে। তার কাছ থেকে বেশ কিছু সোনার গয়না ও ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতকে আদালতে তুলে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে।

